30/12/2025
বিষয়: ১০ দলীয় জোট ও কিশোরগঞ্জ–৫ বাজিতপুর-নিকলী, আসনে সমঝোতা প্রসঙ্গে।
প্রিয় কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর–নিকলী)বাসী
আসসালামু আলাইকুম।
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে মৌলিক সংস্কার এবং ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচারের উত্থান না ঘটে—এই লক্ষ্য সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণভোটে “হ্যাঁ”-এর বিজয়ের মাধ্যমে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।
এই লক্ষ্যকে আরও শক্তিশালী করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জুলাই সনদের বাস্তবায়নে বিশ্বাসী দলগুলোর সঙ্গে মতবিনিময় ও আসন সমঝোতার মাধ্যমে ১০ দলীয় জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করছে। এটি কোনো নতুন বা অস্বাভাবিক ঘটনা নয়; বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক দেশেই আদর্শিক ঐক্যের ভিত্তিতে জোট রাজনীতি একটি স্বীকৃত ও কার্যকর পদ্ধতি।
এখানে স্পষ্টভাবে বলা প্রয়োজন—
জোটে থাকা মানেই কোনো দলের সঙ্গে একীভূত হয়ে যাওয়া নয়।
এনসিপি তার নিজস্ব আদর্শ, পরিচয় ও রাজনৈতিক অবস্থান অক্ষুণ্ণ রেখেই গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের বৃহত্তর স্বার্থে এই জোটে অংশ নিয়েছে।
এনসিপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর–নিকলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা হয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে এই আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে জনাব রমজান আলী, জেলা আমির, কিশোরগঞ্জ শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মনোনয়ন পেয়েছেন।
আমি রাহাগীর আলম মান্না, প্রধান সমন্বয়কারী, বাজিতপুর উপজেলা এনসিপির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানাই এবং জোটের প্রার্থীর প্রতি আমার পূর্ণ রাজনৈতিক সমর্থন ঘোষণা করছি। এই সমঝোতা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়; এটি স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার কৌশলগত সিদ্ধান্ত।
কিশোরগঞ্জ–৫ এর সম্মানিত জনগণ এবার সিদ্ধান্ত নেবেন—
পুরনো ব্যর্থ ও বৈষম্যমূলক ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনবেন, নাকি জুলাই অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রায় দেবেন।
এনসিপির সকল নেতাকর্মীর প্রতি আহ্বান—আবেগ নয়, শৃঙ্খলা বজায় রাখুন। মাঠে সক্রিয় থাকুন। এই সময় ঘরে বসে থাকা নয়, বরং জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক দায়িত্ব।
ইনশাআল্লাহ, কিশোরগঞ্জ–৫ এর মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশের পক্ষেই রায় দেবেন।
ইনকিলাব জিন্দাবাদ ✊🏻✊🏻✊🏻