11/07/2026
ঝুম বৃষ্টিটা তখনই কিছুটা থেমেছে। এখনও টুপটাপ করে বৃষ্টি পড়ছে। ক্যামেরা হাতে নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল এই দৃশ্য। অন্ধকার নদীর বুকে সারি সারি নৌকা, আর সেই নৌকাগুলোর ভেতরেই জ্বলছে মানুষের জীবন। এরা বেদে সম্প্রদায়। নদীই তাদের ঠিকানা, নৌকাই তাদের ঘর। সাধারণ মানুষের কাছে যেখানে একটি স্থায়ী বাড়ি জীবনের বড় স্বপ্ন, সেখানে তাদের জীবন ভাসে নদীর স্রোতের সঙ্গে।কথা বলে জানলাম, জলোচ্ছ্বাস বা বড় কোনো সাইক্লোন না হলে বছরের পর বছর তারা এভাবেই নৌকায় বসবাস করেন। তাদের প্রধান জীবিকা নদীতে মাছ ধরা এবং গ্রামে গ্রামে ঘুরে সাপের খেলা দেখানো। অনেকেই ভেষজ ওষুধ বিক্রি, ছোটখাটো ব্যবসা কিংবা লোকজ বিনোদনের মাধ্যমেও জীবিকা নির্বাহ করেন। তাদের চাওয়া পাওয়া খুবই সীমিত দু’বেলা খাবার, নিরাপদ একটি রাত, আর পরের দিনের রোজগারের নিশ্চয়তা। অথচ এই সামান্য নিশ্চয়তাটুকুও অনেক সময় নির্ভর করে নদীর মেজাজ আর প্রকৃতির ইচ্ছার ওপর। এই ছবির আলো আমার কাছে শুধু রাতের সৌন্দর্য নয়,এটি অনিশ্চয়তার মধ্যেও টিকে থাকার প্রতীক। অন্ধকারের ভেতর জ্বলে থাকা ছোট ছোট আলোগুলো যেন বলে কিছু মানুষের জীবন নাটকীয় নয়, জীবনটাই তাদের প্রতিদিনের সংগ্রামের এক নীরব ডকুমেন্টারি।