14/07/2026
গর্জনিয়ায় নদীভাঙন পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল: দ্রুত বলি স্পার নির্মাণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, রামু (কক্সবাজার):
গত এক সপ্তাহ ধরে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্বাঞ্চলের গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে নদীভাঙন ও প্লাবনে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একই সঙ্গে খুনিয়াপালং ও মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকাও বন্যা ও নদীভাঙনের কারণে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে কক্সবাজার-৩ (রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা, পূর্ব বোমাংখিল ও ক্যাজেরবিল এলাকার নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে নদীভাঙনের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
পরিদর্শন শেষে এমপি লুৎফুর রহমান কাজল বলেন, নদীভাঙনে মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কক্সবাজারকে জরুরি ভিত্তিতে ভাঙনকবলিত এলাকায় বলি স্পার নির্মাণসহ প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নদীভাঙন রোধ করে মানুষের বসতভিটা ও জানমাল রক্ষা করা সম্ভব হবে।
এদিকে গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিব্বুল্লাহ গর্জনিয়া বার্তাকে জানান, গত ১৩ জুলাই তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কক্সবাজার বরাবর মাঝিরকাটা, পূর্ব বোমাংখিল, বাঁকখালী ব্রীজের নিচে এবং ক্যাজেরবিল এলাকায় জরুরি ভিত্তিতে বলি স্পার নির্মাণের জন্য আবেদন করেন। উক্ত আবেদনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এমপি সুপারিশ করেন। তিনি আরও জানান, আবেদন করার পর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দ্রুত সরেজমিনে পরিদর্শনের আশ্বাস দেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করার জন্য গর্জনিয়া যাবেন এবং অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছে।
মুহাম্মদ মুহিব্বুল্লাহ বলেন, “আমরা আশা করি দ্রুত বলি স্পার নির্মাণ করা হলে বাঁকখালী নদীঘেঁষা শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে। একই সঙ্গে সাধারণ মানুষের মূল্যবান কৃষিজমি, গাছপালা এবং স্থানীয় অবকাঠামোও সুরক্ষিত থাকবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু, রামু উপজেলা জামায়াতের আমির ফয়জুল্লাহ মোহাম্মদ হাসান, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আলীম, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিব্বুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম মিন্টু, আব্দুল মালেক, যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জয়নাল আবেদীন জনি, রামু উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক আজিজ, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহিব উল্লাহ মুহিব, কৃষকদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়বসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বলি স্পার নির্মাণ ও নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বর্ষা মৌসুমে আরও বহু ঘরবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।