26/08/2026
মানুষের জীবন আসলে পাওয়া আর না-পাওয়ার এক দীর্ঘ গল্প। কখনো আমরা দুহাত ভরে পাই, কখনো শূন্য হাতে দাঁড়িয়ে থাকি। কখনো প্রিয় কিছু আমাদের জীবনে আসে, আবার কখনো প্রিয় কিছুই হঠাৎ করে দূরে সরে যায়। এই পাওয়া-না পাওয়ার হিসাব বুঝতে না পারলেই আমরা ভেঙে পড়ি, অভিযোগ করি, প্রশ্ন করি আল্লাহ, আমার সাথেই কেন?
কিন্তু জীবনের প্রতিটি অধ্যায়ের পেছনে হয়তো আমাদের বোঝার চেয়েও বড় কোনো হেকমত লুকিয়ে থাকে।
আল্লাহ যা দেন, তা নেয়ামত।
একটি সুস্থ শরীর, একটি আপন পরিবার, প্রিয় মানুষের ভালোবাসা, সামান্য হলেও শান্তির ঘুম এসবই আল্লাহর দান। আমরা অনেক সময় বড় কিছু পাওয়ার অপেক্ষায় থেকে ছোট ছোট নেয়ামতগুলোর কদর করতে ভুলে যাই। অথচ জীবনের সবচেয়ে বড় সুখগুলো হয়তো আমাদের চারপাশেই ছড়িয়ে আছে।
আর আল্লাহ যা দেন না, সেটাও হেকমত।
আমরা যেটা চাই, সেটাই সব সময় আমাদের জন্য ভালো এমন কোনো নিশ্চয়তা নেই। অনেক কিছু আমরা না পাওয়ায় কষ্ট পাই, অথচ পরে বুঝতে পারি সেটা না পাওয়াই ছিল আমাদের জন্য কল্যাণ। মানুষ শুধু নিজের বর্তমানটা দেখে, কিন্তু আল্লাহ দেখেন আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু।
তাই কখনো কোনো কিছু না পাওয়া মানেই ব্যর্থতা নয়; অনেক সময় সেটাই আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সুরক্ষা।
আবার এমনও হয়, আল্লাহ আমাদের এমন কিছু দেন, যা আমরা হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। তারপর একদিন সেই জিনিস, সেই মানুষ কিংবা সেই সুখ আমাদের কাছ থেকে নিয়ে নেন। তখন আমাদের মনে হয়, সবকিছু শেষ হয়ে গেছে। অথচ হয়তো সেখান থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।
যা দিয়েছিলেন, তা নেয়ামত ছিল। আর যা নিয়ে নিলেন, তা পরীক্ষা।
এই পরীক্ষার সময়ই বোঝা যায়—আমাদের ঈমান কতটা শক্ত, আমাদের ধৈর্য কতটা গভীর। সুখের দিনে আল্লাহকে স্মরণ করা সহজ, কিন্তু দুঃখের দিনে চোখের জল লুকিয়ে আল্লাহর ওপর ভরসা রাখাটাই প্রকৃত ধৈর্য।
জীবন আমাদের সব সময় আমাদের ইচ্ছেমতো কিছু দেয় না। তবে আল্লাহ তাঁর বান্দাকে কখনো উদ্দেশ্যহীনভাবে পরীক্ষা করেন না। প্রতিটি কষ্টের পরে আছে শিক্ষা, প্রতিটি বিচ্ছেদের পরে আছে উপলব্ধি, প্রতিটি অপেক্ষার পরে আছে কোনো না কোনো রহমত।
তাই জীবনের কোনো কিছু হারিয়ে গেলে নিজেকে শেষ মনে করার কিছু নেই। ধৈর্য ধরতে হবে, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। কারণ ধৈর্যের ফল হিসেবে আল্লাহ যখন দেন, তখন তাঁর কুদরত এমনভাবে প্রকাশ পায় যা আমাদের কল্পনারও বাইরে।
আজ যা না পেয়ে কাঁদছেন, কাল হয়তো সেটাই না পাওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আজ যে কষ্ট আপনাকে ভেঙে দিচ্ছে, কাল হয়তো সেই কষ্টই আপনাকে আরও শক্ত মানুষে পরিণত করবে।
তাই জীবনের প্রতিটি পাওয়ায় বলুন আলহামদুলিল্লাহ।
প্রতিটি না-পাওয়ায় বলুন আল্লাহর পরিকল্পনাই উত্তম।
আর প্রতিটি পরীক্ষায় বলুন আমি ধৈর্য ধরব, কারণ আমার রব জানেন—কখন, কীভাবে এবং কতটুকু দিলে আমার জন্য সবচেয়ে ভালো হবে।
আল্লাহ দেন নেয়ামত হিসেবে।
আল্লাহ দেন না হেকমত হিসেবে।
আল্লাহ নিয়ে নেন পরীক্ষা হিসেবে।
আর ধৈর্যের পরে যা দেন সেখানেই প্রকাশ পায় তাঁর কুদরত।
-হাসিব