03/09/2026
এক উঠোনে ছিল এক খাঁচার তোতা। সে সারাদিন মুখস্থ কিছু বুলি আউড়ে নিজেকে পণ্ডিত ভাবত আর উঠোনের বনবিড়াল, চড়ুইদের দিকে তাকিয়ে বলত, "তোদের কোনো জাত নেই, তোরা তো কিছুই শিখিসনি।" তার কাছেই এক ছোট বাজপাখির ছানা শান্ত হয়ে বসে থাকত। তোতা তাকে প্রায়ই উপদেশ দিত, "বেশি দূর তাকাস না, তোর ডানা বড় হওয়ার আগেই ক্লান্ত হয়ে যাবি, মাটিতেই পড়ে থাক।"
বাজপাখিটি কোনো জবাব দিত না। সময়মতো সে নিঃশব্দে এক বিশাল ডানার ঝাপটায় আকাশের মেঘ ভেদ করে এক পাহাড়ি চূড়ায় গিয়ে বসল।
তোতা খাঁচার ফাঁক দিয়ে সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এই চুপচাপ পাখিটা এত উঁচুতে পৌঁছাল কীভাবে। সে ছটফট করে জানতে চাইল, কীভাবে সে উড়ল, কবে উড়ল। কিন্তু যখন সে বুঝল ওই উচ্চতায় পৌঁছানো তার নিজের দ্বারা সম্ভব নয়, তখন সে হঠাৎ সুর বদলে খাঁচার নিচের মাটিতে মুখ গুঁজে চেঁচাতে লাগল:
"আরে, উঁচুতে ওড়ার মধ্যে কোনো বড়ত্ব নেই! আসল আভিজাত্য তো এই মাটির কাছাকাছি থাকা, মাটির ধুলো মেখে সবার সাথে এক হয়ে জীবন কাটানোতেই আসল শিক্ষা!"
গাছের ডাল থেকে এক বুড়ো ঘুঘু শুধু তাকিয়ে বলল, "আকাশ যখন নাগালের বাইরে চলে যায়, তখন খাঁচার পাখিও মাটির প্রেমে ভান ধরে।
বি:দ্র: এরকম তোতা পাখির মতো চরিত্রের মানুষের সাথে আমাদের ও দেখা হয় কখনও 😉