01/08/2026
📍মরকটা স্টিল ব্রিজ—আমাদের গর্ব, আমাদের দায়িত্ব!
#মরকটা_ব্রীজ
সম্প্রতি লক্ষ্য করছি, দূর-দূরান্ত থেকে অনেক মানুষ মরকটা স্টিল ব্রিজ দেখতে ও ঘুরতে আসছেন। এটি আমাদের জন্য অবশ্যই আনন্দ ও গর্বের বিষয়। সবাই আসুন, ঘুরুন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন—এতে আমাদের কোনো আপত্তি নেই।
তবে একটি বিনীত অনুরোধ, ব্রিজের রেলিং থেকে একসঙ্গে অনেক মানুষের লাফালাফি, অতিরিক্ত ভিড় বা অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা থেকে বিরত থাকুন। এতে ব্রিজটির ক্ষতির আশঙ্কা রয়েছে। এই ব্রিজটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি প্রতিদিন স্কুল, মাদ্রাসা, এতিমখানা এবং আশপাশের গ্রামের হাজারো মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম।
অনেকেই হয়তো জানেন না, মরকটা স্টিল ব্রিজটি সরকারি অর্থায়নে নির্মিত নয়। তাই বিষয়টি সবার জানার জন্য সংক্ষেপে তুলে ধরছি।
প্রথমদিকে এখানে আমাদের পূর্বপুরুষরা নিজেদের অর্থায়ন ও শ্রমে একটি বাঁশের সেতু নির্মাণ করেছিলেন, যাতে মরকটা গ্রামের মানুষ, শিক্ষার্থী এবং পাশের নাঙ্গলকোট উপজেলার মানুষ সহজে যাতায়াত করতে পারেন।
পরবর্তীতে গ্রামের প্রবীণ মুরুব্বি আব্দুল আজিজ মজুমদার এবং মরকটা গ্রামের সর্বস্তরের মানুষের অর্থ, শ্রম, বুদ্ধি ও পরামর্শে নির্মিত হয় আজকের মরকটা স্টিল ব্রিজ। ব্রিজের প্রবেশমুখে খোদাই করা নামফলকই সেই ইতিহাসের সাক্ষী।
সময়ের ব্যবধানে ব্রিজে মরিচা ও বিভিন্ন ত্রুটি দেখা দিলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কথা চিন্তা করে আব্দুল আজিজ মজুমদার-এর পরিবারের উদ্যোগে এটি সংস্কার করা হয়। বর্তমানে প্রতিবছর আমাদের গ্রামের সামাজিক সংগঠন মরকটা স্বপ্ন কল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনায় এবং গ্রামের প্রবাসীদের অর্থায়নে ব্রিজটির নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়।
তাই এটি শুধু একটি ব্রিজ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে একটি গ্রামের মানুষের ভালোবাসা, ত্যাগ, শ্রম ও ইতিহাস।
আসুন, আমরা সবাই এই সম্পদকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করি। ঘুরতে আসুন, আনন্দ করুন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের সবার প্রিয় এই ব্রিজের ক্ষতি হয়।
মরকটা স্টিল ব্রিজ আমাদের গর্ব—এটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ❤️