12/01/2024
গুটি হয়ে শুয়োপোকা বাসা বাঁধে সুরম্য বাগানে সময়ে সময়ে, শুয়োপোকা মরে জন্ম নেয় লাল-নীল-হলুদ-সবুজ প্রজাপতি; আলিঙ্গন করে নব বসন্তের আবেগী প্রেম গৌরবে, বাহারি পাখা মেলে উড়ে বেড়ায় স্বপ্নের আবেশে দিবারাতি।
সকালের সোনা রোদ এসে পড়ে নাম না জানা ফুলেদের মৌবনে, রঙিন প্রজাপতিটা এসে বসে ফুলের নরম পাঁপড়ির গালিচায়; ফুলের রেনু ঠোঁটে মেখে তার সৌরভের ঘ্রাণে মাতাল হয়, চুপিচুপি কলির মকরন্দ পান করে যায় ঊষার লালিমায়।