24/07/2025
সূরা আয-যারিয়াত - অর্থ
শপথ ধূলিঝড়ের,
শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের,
শপথ স্বচ্ছন্দ গতি নৌযানের,
শপথ কর্ম বণ্টনকারী ফিরিশ্তাগণের,
তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতিত অবশ্যই সত্য,
কর্মফল দিবস অবশ্যম্ভাবী,
শপথ বহু পথ বিশিষ্ট আকাশের,
তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত,যে ব্যক্তি সত্য ভ্রষ্ট সে-ই উহা পরিত্যাগ করে,
অভিশপ্ত হউক মিথ্যাচারীরা,যাহারা অজ্ঞ ও উদাসীন,
উহারা জিজ্ঞাসা করে, কর্মফল দিবস কবে হইবে,
বল সেই দিন যখন উহাদেরকে শাস্তি দেওয়া হইবে অগ্নিতে,
তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর, তোমরা এই শাস্তিই ত্বরান্বিত করিতে চাহিয়াছিলে,
সেদিন নিশ্চয়ই মুত্তাকীরা থাকিবে প্রস্রবণ-বিশিষ্ট জান্নাতে,
উপভোগ করিবে তাহা যাহা তাহাদের প্রতিপালক তাহাদেরকে দিবেন; কারণ পার্থিব জীবনে তাহারা ছিল সৎকর্মপরায়ণ,
তাহারা রাত্রির সামান্য অংশই অতিবাহিত করিত নিদ্রায়,
রাত্রির শেষ প্রহরে তাহারা ক্ষমা প্রার্থনা করিত,এবং তাহাদের ধন-সম্পদে রহিয়াছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক,
নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রহিয়াছে ধরিত্রীতে,
এবং তোমাদের মধ্যেও। তোমরা কি অনুধাবন করিবে না,
আকাশে রহিয়াছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুতি সমস্ত কিছু,আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই তোমাদের বাক্স্ফূর্তির মতই এই সকল সত্য,
তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আসিয়াছে কি,
যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম উত্তরে সে বলিল সালাম ইহারা তো অপরিচিত লোক,
অতঃপর ইব্রাহীম তাহার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গো-বৎস ভাজা লইয়া আসিল,
ও তাহাদের সামনে রাখিল এবং বলিল তোমরা খাইতেছ না কেন,
ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল উহারা বলিল ভীত হইও না অতঃপর উহারা তাহাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল,
তখন তাহার স্ত্রী চিৎকার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপড়াইয়া বলিল এই বৃদ্ধ বন্ধ্যার সন্তান হইবে,
তাহারা বলিল,
তোমার প্রতিপালক এইরূপই বলিয়াছেন তিনিই প্রজ্ঞাময় সর্বজ্ঞ,ইব্রাহীম বলিল হে ফিরিশ্তাগণ তোমাদের বিশেষ কাজ কী, উহারা বলিল আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হইয়াছে,উহাদের উপর নিক্ষেপ করিবার জন্য মাটির শক্ত ঢেলা,
যাহা সীমালংঘনকারীদের জন্য চিহ্নিত তোমার প্রতিপালকের নিকট হইতে,সেখানে যেসব মু'মিন ছিল আমি তাহাদেরকে উদ্ধার করিয়াছিলাম,
আর সেখানে আমি একটি পরিবার ব্যতীত কোন আত্নসমর্পণকারী পাই নাই,যাহারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমি তাহাদের জন্য উহাতে একটি নিদর্শন রাখিয়াছি,
এবং নিদর্শন রাখিয়াছি মূসার বৃত্তান্তে যখন আমি তাহাকে স্পষ্ট প্রমাণ সহ ফিরআওনের নিকট প্রেরণ করিয়া-ছিলাম,
তখন সে ক্ষমতার দম্ভেমুখ ফিরাইয়া লইল এবং বলিল এই ব্যক্তি হয় এক জাদুকর না হয় এক উন্মাদ,
সুতরাং আমি তাহাকে ও তাহার দলবলকে শাস্তি দিলাম এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম সে তো ছিল তিরস্কার যোগ্য,
এবং নিদর্শন রহিয়াছে আদের ঘটনায় যখন আমি তাহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকল্যাণকর বায়ু,
ইহা যাহা কিছুর উপর দিয়া বহিয়া গিয়াছিল তাহাকেই চূর্ণ-বিচূর্ণ করিয়া দিয়াছিল,আরও নিদর্শন রহিয়াছে সামূদের বৃত্তান্তে যখন তাহাদেরকে বলা হইয়াছিল ভোগ করিয়া নাও স্বল্প কাল,
কিন্তু উহারা উহাদের প্রতিপালকের আদেশ অমান্য করিল ফলে উহাদের প্রতি বজ্রাঘাত হইল এবং উহারা উহা দেখিতেছিল,
উহারা উঠিয়া দাঁড়াইতে পারিল না এবং উহা প্রতিরোধ করিতেও পারিল না,আমি ধ্বংস করিয়াছিলাম ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কে ইহারা তো ছিল সত্যত্যাগী সম্প্রদায়,
আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহা-সম্প্রসারণকারী,
আর ভূমি, আমি উহাকে বিছাইয়া দিয়াছি, আমি কত সুন্দর প্রসারণকারী!
আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করিয়াছি জোড়ায় জোড়ায়,
যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর।অতএব তোমরা আল্লাহ্র দিকে ধাবিত হও,
আমি তো তোমাদের প্রতি আল্লাহ্-প্রেরিত স্পষ্ট সতর্ককারী।তোমরা আল্লাহ্র সঙ্গে কোন ইলাহ্ স্থির করিও না; আমি তোমাদের প্রতি আল্লাহ্-প্রেরিত স্পষ্ট সতর্ককারী।এইভাবে উহাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে উহারা তাহাকে বলিয়াছে,
তুমি তো এক জাদুকর, না হয় এক উন্মাদ!'উহারা কি একে অপরকে এই যন্ত্রণাই দিয়া আসিয়াছে? বস্তুত উহারা সীমা-লংঘনকারী সম্প্রদায়।অতএব তুমি উহাদেরকে উপেক্ষা কর,
ইহাতে তুমি অভিযুক্ত হইবে না।তুমি উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মু'মিনদেরই উপকারে আসে।আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এইজন্য যে,
তাহারা আমারই ইবাদত করিবে।আমি উহাদের নিকট হইতে জীবিকা চাহি না এবং ইহাও চাহি না যে,
উহারা আমার আহার্য যোগাইবে।আল্লাহ্ই তো রিযিক দান করেন এবং তিনি প্রবল, পরাক্রান্ত।জালিমদের প্রাপ্য তাহাই যাহা অতীতে উহাদের সমমতাবলম্বীরা ভোগ করিয়াছে। সুতরাং উহারা ইহার জন্য আমার নিকট যেন ত্বরা না করে।কাফিরদের জন্য দুর্ভোগ তাহাদের সেই দিনের,
যেই দিনের বিষয়ে উহাদেরকে সতর্ক করা হইয়াছে।