16/12/2022
বাঙালি কেন শীতকালে বিয়ে করে?
এই প্রশ্নের উত্তরে এক শ্রেণি বলবে জামাকাপড় পরে মেকাপ করে শান্তি পাওয়া যায়।
ভোজন রসিক শ্রেণির মানুষেরা বলবে, 'ভাই খেয়ে শান্তি'।
আরেক শ্রেণির মানুষ চোখ টিপ দিয়ে মুচকি হেসে ইঙ্গিত দিবে মানব প্রজাতির সবচেয়ে আদিম সেই প্রবৃত্তির দিকে।
আসলে কেন বাঙালি শীতকালে এত বিয়ে করে?
এই নিয়ে বাংলা সাহিত্যের সবচেয়ে বিখ্যাত লেখকদের একজন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনার 'গণদেবতা' উপন্যাসে একটি নৃতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেন।
সেখানে তিনি বলেন, 'চাষ আর বাস - পল্লীর জীবনে দুইটা ভাগ। মাঠ আর ঘর - এই দুইটি ক্ষেত্রেই এখানে জীবনের সকল আয়োজন - সকল সাধনা। আষাঢ় হইতে ভাদ্র - এই তিন মাস পল্লীবাসীর দিন কাটে মাঠে- কৃষির লালনপালনে। আশ্বিন হইতে পৌষ সেই ফসল কাটিয়া ঘরে তোলে- সঙ্গে সঙ্গে করে রবি ফসলের চাষ। এ সময়টাও পল্লী জীবনের বারো আনা অতিবাহিত হয় মাঠে। মাঘ হইতে চৈত্র পর্যন্ত তাহার ঘরের জীবন। ফসল ঝাড়িয়া, দেনাপাওনা মিটাইয়া সঞ্চয় করে, আগামী চাষের আয়োজন করে, ঘরের ভেতর বাহির গুছাইয়া লয়। প্রয়োজন থাকলে নতুন ঘর তৈয়ারী করে, পুরানো ঘর মেরামত করে,সার কাটিয়া জল দেয়, শন পাকাইয়া দড়ি করে। গল্প গান মজলিস করে, চোখ বুজিয়া হরদম তামাক পোড়ায়, বর্ষার জন্য তামাক কাটিয়া গুড় মাখাইয়া হাড়ির মধ্যে পুরিয়া জলের ভিতর পুতিয়া পচাইতে দেয়। চাষির পরিবারে যত বিবাহ সব এই সময়ে- মাঘ ও ফাল্গুনে। জের বড়জোর বৈশাখ পর্যন্ত যায়। হরিজনদের চৈত্র মাসে বাধা নাই, পৌষ হইতে চৈত্রের মধ্যে বিবাহ তাহারা শেষ করিয়া ফেলে।'
এই হল বাঙালির শীতকালে বিয়ে করার প্রবণতার হাজার বছরের পুরোনো উৎস!