11/08/2026
নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর, প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চাপড়তলা ইউনিয়নের কালিউতা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানার এসআই জামালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার সোহেল উপজেলার কালিউতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কালিউতা ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের ভাতিজা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিনের আতঙ্ক
স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে তিলপাড়া, ছাতিয়াইন, রতনপুর ও আদাঐর সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত। তাকে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে বলেও দাবি তাদের।
সর্বশেষ যে মামলায় সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে, ওই মামলার বাদী উপজেলার গুতমা গ্রামের জামাত আলী। অভিযোগ রয়েছে, ডাকাতির সময় জামাত আলীকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং তার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর জামাত আলী বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন।
নজরদারি বাড়ানোর দাবি
স্থানীয়দের আরও অভিযোগ, সোহেলের সঙ্গে তার এক আত্মীয়ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কালিউতা গ্রামের পশ্চিম দিকে নদীর পাড়সংলগ্ন একটি নির্জন এলাকায় সোহেলের বাড়ি হওয়ায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, ওই এলাকায় অপরাধীদের আনাগোনা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, অতীতেও ওই এলাকা থেকে গরুসহ ডাকাত গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এবং এ-সংক্রান্ত একটি মামলা এখনও চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, শুধু গ্রেপ্তার নয়—তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে প্রকৃতভাবে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক।