08/03/2026
জানতে চাওয়া হলো," ভালোবাসাটা কি করে হয়েছিল?"
~"তেমন বিশেষ কিছু না। ঐ একরকম ভাবে আর কি!"
খানিকটা বিব্রত হয়েই বোধহয় পরবর্তী প্রশ্নটি আসলো। "আপনি কিভাবে বুঝলেন যে এই মানুষটিই আপনার জন্য?"
~ "আসলে আমি এখনও ব্যাপারটা বুঝে যাচ্ছি। প্রতিনিয়ত সে আমাকে কারন দেখাচ্ছে আর আমিও বুঝে নিচ্ছি যে কেন এই মানুষটি আমার।"
ওপর দিকের মানুষটিকে এবার একটু উৎফুল্ল দেখালো। "আপনাকে নিশ্চয়ই অনেক ভালোবাসে সে, তাই না?"
~ "কচু বাসে। সারাদিন বিরক্ত করবে, জ্বালাতন করবে। একমুঠো সুখটুকু পাই না আমি আর না পাই একটু অবসর।"
এবার কিঞ্চিৎ রুষ্ট কন্ঠেই ভেসে আসলো,"হ্যা, তার জন্য বই এনে রাখি, ঘুম পছন্দ বলে চুলে বিলি কেটে দিই, তার সব অবুঝপনা সহ্য করি তারপরও বলে নাকি কচু বাসে। এই আমি তোমাকে কচু বাসি, এটা তুমি বলতে পারলে!"
~ "হলো আপনার ভালোবাসা দিবসের বিশেষ সাক্ষাৎকার। ওদিকে আমার কচু তরকারি পুড়ে যাচ্ছে। উফ, সারাদিন পেছন পেছন লেগে থাকবে, ধ্যাত।"
রান্নাঘর থেকে ফোঁড়নের ঘ্রান আসছে। সোফায় বসে মুখ গুমড়ো করে থাকা মানুষটি খানিক পরেই শুনতে পেল
"এই শুনুন, আমি কিন্তু আপনাকে কচুই বাসি।"