06/07/2026
“নেইমার, আমরা জানি, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় নও,
আমরা জানি এমবাপ্পে কিংবা মেসির মতো তুমি দেশকে এনে দাওনি সোনার কাপ,
কিন্তু তুমি আমাদের বাড়ির সেই দুষ্টু চঞ্চল ছেলেটি, যে মাত্র দুই রাত পড়ে গণিতে ১০০ নিয়ে বাড়ি ফেরে,
যাকে নিয়ে সিনেমা হয়, দ্য পারফেক্ট কেওয়স, একেবারে খাঁটি গোলমাল,
তুমি আমাদের সেই ছেলেটি, যে বাড়িতে না থাকলে বাড়ি সুমসাম হয়ে যায়,
তুমি তো আমাদের সেই সকারু, যে পায়ে বল পেলে শুরু হয় জাদু,
৫ জন ঘিরে ধরে যার পা থেকে বল নিতে না পেরে রাগে দুঃখে অপমানে তাকে ফাউল করে বসে,
তুমি ছিলে পৃথিবীর দামিতম খেলোয়াড়,
স্বদেশের মাটিতে কাপ আনতে যখন ছুটে যাচ্ছিলে, তখনই ঘটল সেই ট্রাজেডি,
কলম্বিয়ার খেলোয়াড়ের বুটের আঘাত সরাসরি তোমার পিঠে, হাড় গেল ভেঙে,
আর ভেঙে গেল কোটি মানুষের স্বপ্ন। দুঃস্বপ্নের ভূত তাড়া করল পরের ম্যাচে…
সেই থেকে আমরা অপেক্ষা করে আছি
প্রতিনিয়ত প্রার্থনা করছি
তোমার সুস্থতার জন্য
তোমার ফিটনেসের জন্য—
ফিরে এসো নেইমার।
নক্ষত্রের রুপালি আগুনভরা রাতে।
এবার তুমি একবার ঝলক দেখাও
ট্রাজেডির হিরো
আমাদের অশ্রু এখনও
কেবল তোমার জন্য আমরা জমা রেখেছি!”
এখন বলি, ও ভাগ্যবিড়ম্বিত রাজকুমার,
তুমি আমাদের অশ্রুটুকুন গ্রহণ করো।
তোমার চোখের জল আমার চোখে দাও।
আমাদের স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে তোমার প্রজাপতির পাখার মতো ড্রিবলিং,
হরিণের মতো ছুটে চলা আর
কাঠবিড়ালির মতো দুষ্টুমি ।
হন্তারক তুমি নও, তুমি শিল্পী।
আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
তুমি ছিলে
তুমি রয়ে যাবে।