28/05/2024
গতকাল রাত দুইটা আড়াইটার মধ্যে তোলা ছবি। বিদ্যুতবিহীন ঝড়বৃষ্টির রাতে দুচোখে যখন ঘুম নেই তার মানে জীবনে তখন ইন্টারনেট নেই, মোবাইলে চার্জ নেই, কথা বলার মানুষ কেউ জেগে নেই এত নেইয়ের মাঝে ভাবলাম আমাদের দেশের উপকূলীয় অঞ্চল যখন সময়ের কঠিনতম রাত পার করছে, তখন আমি ঢাকায় বসে যে ঢাকা দেখা যায় না সেই ঢাকার দু চারটা ছবি তুলে রাখি। ছবি তুলতে গিয়ে যদি দেখা যায় ক্যামেরার দুটা ব্যাটারির একটায় ১% চার্জ আর একটায় সেটুকুও নেই তখন নিজেকে সেই মুহুর্তে আহম্মক ছাড়া কিছু মনে হয় নি।
রাত দুটায় ঢাকার আকাশ অসংখ্য অট্টালিকা আর অট্টালিকা ভর্তি মানুষের সারারাতের কর্মব্যস্ততা আর ঝলমলে রুপ যখন ঝড়ের প্রভাবে নিরবতায় ঢেকে যায় তখন আমাদের মিথ্যা অহংকার, প্রচন্ড গর্ববোধ সব ধূলোয় মিশে যায়। ঢাকার নিরব নিস্তব্ধ এই রুপের দু চারটা ছবি তোলার পর আমার খুব ইচ্ছে হয়েছিলো ক্যামেরা নিয়ে যদি রাস্তায় ঘুরে ঘুরে এই নিরবতাকে তুলে আনতে পারতাম তাহলে অন্তত গতকাল রাতে যে অস্বস্তি নিয়ে ঘুমাতে গিয়েছিলাম তা মনে হয় কেটে যেত।
যে ঝড় আমাদের উপর দিয়ে বয়ে গেলো তার ক্ষতি যেন আমাদের উপকুলের মানুষ খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে এই কামনাই করি ঈশ্বরের কাছে। ভালো থাকুক সবাই, বেচে থাকুক সবার আশা, ভরসা আর ভালোবাসাগুলো।
ও হ্যাঁ আমিও স্বপ্ন দেখি একদিন পুরো ঢাকা রাতের বেলায় একটা ক্যামেরা হাতে নিয়ে ঘুরবো, সেদিন আমার মত কোন ভবঘুরে চায়ের দোকানদার খুঁজে পেলে তার সাথে চায়ের আড্ডা দিতে পারবো। মনে কোন দ্বিধা, দ্বন্দ্ব আর ভয় কাজ করবে না।