18/01/2023
আমাদের চারিপাশে নানান ধরণের,নানান বর্ণের,নানান মানসিকতার মানুষের বিচরণ সর্বদা বিদ্যমান। করো মনের খবর কেউ জানেনা,আজকাল আবার কারো মনের খবর কেউ রাখেও না। এই খবর রাখা, না রাখার মধ্যেই মানুষের চরিত্রের বৈচিত্র্যতা বোঝা যায়। তেমনই কিছু বিচিত্র চিন্তাধারার চরিত্রের সঙ্গে পরিচিত হই চলুন____
প্রথমেই ডান থেকে শুরু করি।
কানামাছি,লুকোচুরি,বৌ ছুঁ কত ধরণের খেলার সাথী যে ছিল তারা। একসাথে স্কুলে যাওয়া,পড়াশুনা করা,মেলায় ঘুরতে যাওয়া সবেতেই নিশুর সঙ্গী ছিল তার কারিমা। হঠাৎ বাবার চাকরিসূত্রে তাদেরকে ভাগ হয়ে যেতে হলো। কিন্তু দেখুন,ভাগ্যের ফেরে তারা আবার এক হয়েছে। একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারা আবার বেশ আড্ডা-অনুষ্ঠান জমিয়ে নিয়েছে।বন্ধুত্ব আরোও গাঢ় হয়েছে। এমন বন্ধুত্বের বন্ধন যেন আজীবন থেকে যায়।
এবার আসি দ্বিতীয় চরিত্রে।
আমাদের এই চরিত্রটিকে একতরফা ভালোবাসা যাকে বলে সেটা বলা যায়। চরিত্রটির নাম আখিঁ। তার অনুষদেরই বড় ভাইকে তার প্রচন্ড মনে ধরেছে। কিন্তু মুখ ফুটে কখনো কাউকে বলতেই পারলো না। তাই আপন মনে তার মনে মানুষকে কল্পনা করে হেসে চলেছে,লজ্জার হাসি।
চলুন এবার ভিন্ন রকম একটা চরিত্র দেখে আসি।
এই চরিত্রটির নাম অলোক। এই চরিত্রটির সাথে হয়তো মধ্যবিত্ত পরিবারের সব বড় সন্তানেরাই পরিচিত। বাবার বয়স বাড়ছে,মায়ের চিকিৎসার খরচ,বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন থাকা,খাওয়া সব খরচ,ভালো চাকরির চিন্তা সবসময়ই অলোকের মাথায় ঘুরপাক খাচ্ছে। এখানে সে তার বাবার সাথে ফোনে আলাপ করছে আর কপালে চিন্তার ভাঁজ একে বসে আছে।
চলুন এবার একটু অন্যরকম চরিত্রে নজর দিই।
আশিক এবার অনার্স ২য় বর্ষে পা দিলো। তার সাথে তার বিভাগের বড় আপু জাসিয়ার খুব ভাব। আশিক কথায় কথায় তার বড় আপুকে মন দিয়ে বসেছে। কিন্তু জাসিয়া তা টেরই পায়নি। আশিক লোকলজ্জায় কাউকে বলতেও পারছেনা। ছোটখাটো নানা কথা সে তার বড় আপুকে সবসময় হাসিখুশিতে ঢেকে রাখে।আর জাসিয়াও আশিকের এরকম খুনসুটিতে মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে হাসে।
এটা আমাদের শেষ চরিত্র।
তোফা আর রিতিশা অনেক দিনের বন্ধু হলেও তোফা কিন্তু রিতিশাকে তার ভবিষ্যৎ হিসেবে কল্পনা শুরু করেছে। রিতিশার কথায়,কাজে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা যেন তোফার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। রিতিশা অবশ্য কিছু কিছু বুঝতে পারে তবে সে সময়ের সাথে সম্পর্ককে গাঢ় করতে চায়। ওপাশের মানুষকে আরোও গভীর ভাবে জানতে চায়।
উপরের চরিত্রগুলো একটার আরেকটার সাথে যোগসূত্র না থাকলেও আমাদের মধ্যে কিছুমানুষ হয়তো চরিত্রগুলোর সাথে পরিচিত রয়েছে। আবার কিছু মানুষের রয়েছে ভিন্নরকম গল্প।লাল,নীল,সবুজ,হলুদ নানা রঙ বেরঙের গল্পের মধ্যে কালো রঙের ছায়ার মতনও কিছু গল্প লুকিয়ে থাকে।
আপনার কোনটা?
কলমেঃ Smaroni Tithi
ছবিঃ Md Sharifur Rahman
সত্ত্বাধিকারীঃ SnapSlide Photography
বিঃদ্রঃ ছবিতে থাকা মানুষগুলোর সাথে গল্পের ভেতরে থাকা চরিত্রের কোনো মিল নেই। ইহা সম্পূর্ণ কাল্পনিক।