25/11/2021
বড় অদ্ভুত সময়ে এসে পড়েছি আমরা। সবার কেমন যেন বড্ড অসুখে ভুগতে থাকা মন। ক্লান্ত মন। অসুখী মন। গোঙ্গাতে থাকা আস্ত টুকরো মন।
ইসস, কি ভীষণ রকম মন খারাপের অসুখ সবার।
চারিপাশে মানুষ জন, কেউ বোধহয় ভালো নেই। সবারেই ভীষণ রকম অসুখে ভোগা মন।
কিন্তু অদ্ভুত ভাবেই কেউ জানে না, কি অসুখে ভুগছে মন?
কারো কোন কারণ নেই। এমন কি মন খারাপ করার জন্য কোন বিশেষ মানুষ নেই।
এইটার চেয়ে নির্মম কিছু বোধহয় আর কিছুই নেই।
কারো সাথে রাগ হয় না, অভিমান হয় না, ঝগড়া হয় না, তাও কেমন যেন মন খারাপ। জেগে উঠা শেওলা ধরা বিশাল এক পাথর। নামানোর দায় নেই, কারো কোন আক্ষেপ নেই। কাউকো বলার ইচ্ছে নেই। যেন এইটা বয়ে বেড়াতেই একটা শান্তি।
কিছু তো আছে সাথে। হোক সেটা মন কেমনের অসুখ। এই ও যদি হারায় আমার আর রইলো কি?
বড় নির্মম একাকিত্ব!
এমন না যে আমরা একা থাকতে পছন্দ করি, এমন না যে ইচ্ছে নেই কারো সাথে কথা বলার। তাও, তাও কিছু একটা, কিছু একটা আজকাল আমাদের ঘিরে ধরে।
কাউকে কেমন আছিস জিজ্ঞেস করতে ইচ্ছে না হওয়ার অসুখ।
এই অসুখের নাম ও নেই। ঔষুধ হবে কি করে?
আমি জানি পাশের রুমে মানুষ টার মন ভালো নেই। আমার কোন আগ্রহ নেই তার মন খারাপের গল্প শুনতে।
আমি জানি প্রিয় বন্ধুটার নির্ঘুম রাতের দায়। আমার কোন ইচ্ছে না তার সাথে রাত পার হওয়ার।
সবার নিজস্ব ফোনের মতো, মন খারাপে অসুখ গুলো যেন আজকাল বড্ড একান্ত, ব্যক্তিগত। কারো জানার কোন দায় নেই। কাউকে জানানো ইচ্ছে নেই।
এই যেন অপরাজিত ফুলের মতো নীল দুঃখ বিলাশ।
সব যেন বন্ধী, সব যেন এই মোবাইল টার মতো, এক পাশ আছে শুধু। অসুখ গুলো নিচ্ছি বটে বের করে আনার দায় নেই।
উফফ কি ভয়ানক একটা অসুখে ভুগছি আমি তুমি আর নীল অপরাজিত ফুলটাও।